১১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বউ-শাশুড়ির সম্পর্ক হতে হবে মা-মেয়ের মতো: এটিএম আজহার

Published: September 26, 2026, 4:51 pm

বউ-শাশুড়ির সম্পর্ক হওয়া উচিত মা ও মেয়ের মতো—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ‘জননী’ আয়োজিত ‘বউ-শাশুড়ি মেলা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। ‘বউ-শাশুড়ির অঙ্গীকার, গর্ভকালীন সেবার অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি পারিবারিক বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত শাশুড়ি ও পুত্রবধূদের উদ্দেশে এ টি এম আজহার বলেন, শাশুড়িদের উচিত তাদের ছেলের বউদের আপন মেয়ের মতো স্নেহ করা এবং পুত্রবধূদের শাশুড়িকে মায়ের আসনে শ্রদ্ধা জানানো। পারস্পরিক ভালোবাসা ও সম্মানবোধই পারে পরিবারে শান্তি বজায় রাখতে। সমাজে অনেক ক্ষেত্রে একে অপরকে মেনে নিতে যে অনীহা বা অস্বস্তি দেখা যায়, তা দূর করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। আমাদের সমাজে অনেকেই শাশুড়ি হিসেবে ছেলের স্ত্রীকে মেনে নিতে কষ্টবোধ করেন, আবার অনেক সময় ছেলের বউরাও শাশুড়িকে মায়ের মর্যাদা দিতে চান না। পরিবারে এমন অবস্থা থাকলে সেখানে কখনো শান্তি থাকে না।

স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রসঙ্গ টেনে সংসদ সদস্য জানান, বর্তমান সরকার স্বাস্থ্য খাতের মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার মান উন্নয়নের লক্ষ্যে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০০ এবং ১০০ শয্যাবিশিষ্টগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার জন্য সরকারের কাছে প্রস্তাব রাখা হয়েছে। গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে তিনি স্বাস্থ্য সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেন, যা শারীরিক সুস্থতার জন্য অপরিহার্য। যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় সেগুলো ১০০ সহ্য করার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যেগুলো ১০০ শয্যা সেগুলো ১৫০ যার করার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানিয়েছি। গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে তিনি বলেন, আজকে যারা গর্ভবতী মায়েরা এখানে এসেছেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিতে হবে।

শিক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, একজন শিক্ষিত মা একটি উন্নত জাতি গঠনে ভূমিকা রাখেন। তাই ছেলে ও মেয়ের মধ্যে কোনো বৈষম্য না করে উভয়কেই শিক্ষার সমান সুযোগ দিতে হবে। উচ্চশিক্ষিত মেয়েরা পারিবারিক ও সামাজিক জীবনে অধিকতর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা অর্জন করে। এটিএম আজহার বলেন, আপনারা সবাই জানেন, আমাকে একজন শিক্ষিত মা দাও আমি একটি সুন্দর ও উন্নত জাতি উপহার দিবো।

লোহানিপাড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশিকুল আরেফিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমির শাহ মোহাম্মাদ রুস্তম আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।