নেত্রকোণার বারহাট্টায় প্রতিপক্ষকে ঘায়েল করতে ধর্ষণের মিথ্যা অভিযোগে মামলা করার অপরাধে লিপি আক্তার (৩৯) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে নেত্রকোণা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ডক্টর এমদাদুল হক এ আদেশ দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নুরুল কবীর রুবেল জানান, বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে ২০০৮ সালে একই গ্রামের লিপি আক্তার ধর্ষণের মামলা করেন। মামলায় অভিযোগ করা হয় যে, ধর্ষণের কারণে তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন। এই মামলায় কামাল উদ্দিন গ্রেপ্তার হন ও দুই মাস হাজতবাস করেন।
একপর্যায়ে লিপি আক্তারের সন্তান জন্ম নেয়। পরে শিশুটির ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় শিশুটির বাবা কামাল উদ্দিন নন বলে প্রমাণ পাওয়া যায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে ওই মামলা থেকে খালাস পান কামাল উদ্দিন। এরপর ধর্ষণের মিথ্যা মামলা করার অভিযোগে নারী ও শিশু আইনের ১৭ ধারায় লিপি আক্তারকে আসামি করে ২০২০ সালে মামলা করেন কামাল উদ্দিন। ওই মামলার বিচার শেষে আজ আদালতের বিচারক রায় ঘোষনা করেন।





