
মোঃ লতিবুর রহমান খান
নেত্রকোণার বারহাট্টায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বুধবার (২৮ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচন সভা। উপজেলা বিএনপিসহ দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
সকাল ১১টার দিকে র্যালিটি বারহাট্টা মডেল মোড়ে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
র্যালি ও প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সাইনিং) আবুল খায়ের তালুকদার। পরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর ও অন্যান্য নেতৃবৃন্দ, কৃষকদল, যুবদল, ছাত্রদল, জাসাস, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সংগঠনকে শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
নেতাকর্মীরা আরও বলেন, সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই। এ জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.