
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন এবং সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্ককে আরও আধুনিক ও শক্তিশালী করতে চায়না এক্সিম ব্যাংকের কাছ থেকে বাড়তি বিনিয়োগ বা অর্থায়নের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ১৫ অক্টোবর, বৃহস্পতিবার সচিবালয়ে চায়না এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট ওয়াং চুনইংয়ের নেতৃত্বে আসা প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। বৈঠকে বিদ্যুৎ খাতের সামগ্রিক উন্নয়ন ও টেকসই জ্বালানি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে মন্ত্রী পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের পরবর্তী ধাপের সম্প্রসারণ, আধুনিক স্মার্ট গ্রিড স্থাপন ও নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)-এর বিদ্যুৎ নেটওয়ার্ক উন্নয়ন ও সঞ্চালন লাইন শক্তিশালী করার ক্ষেত্রে দ্রুত অর্থায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনার অনুরোধ জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন, নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় উন্নয়নের মূল ভিত্তি হিসেবে কাজ করে।
এ সময় নবায়নযোগ্য জ্বালানি নীতি ২০২৬-এর প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী জানান, বাংলাদেশ বর্তমানে পরিচ্ছন্ন বা সবুজ জ্বালানির দিকে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এই লক্ষ্য অর্জনে জাতীয় গ্রিডের আধুনিকায়ন ও স্মার্ট গ্রিড নির্মাণ অপরিহার্য। তিনি সবুজ জ্বালানি খাতে বিনিয়োগ বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্প্রতি গ্রহণ করা শুল্ক ও কর কমানোর বিনিয়োগবান্ধব সিদ্ধান্তকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন এবং একে স্বাগত জানান।
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় মন্ত্রী বাংলাদেশে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নে অতীতে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য ব্যাংকটির প্রেসিডেন্ট ওয়াং চুনইংকে আমন্ত্রণ জানান। দুপক্ষের এই আলোচনা বাংলাদেশের জ্বালানি খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.