১২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই হাইকমিশনারের বৈঠক

Published: September 27, 2026, 3:44 pm

বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইর হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান রোববার রাজধানীর মিন্টোরোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন। বৈঠকে তার সঙ্গে ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি রোজাইমি আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

জামায়াতের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে ব্রুনেইয়ের সম্ভাব্য অবদান নিয়ে কথা বলেন তারা।

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে বাংলাদেশ ও ব্রুনাইয়ের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে বিরোধীদলীয় নেতা হাইকমিশনারকে জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি ঘুরে দেখান।

  • বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।
  • কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন আলোচনায় অংশ নেন।
  • বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুরও বৈঠকে উপস্থিত ছিলেন।