
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন ভেঙে বরিশল ইউনিয়ন গঠন এবং নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় বিক্ষুব্ধ জনতা অবস্থান নেওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এর ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেনের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, চলতি বছরের মে মাসে সদর উপজেলার ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করে সেটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। বিষয়টি নিয়ে গত ৪ জুন গেজেটও প্রকাশিত হয়েছিল। শুরু থেকেই এলাকাবাসী এর বিরোধিতা করে আসলেও কোনো সমাধান মেলেনি।
পরিস্থিতি জটিল হয় যখন সদর উপজেলার সুলতানপুর, রামরাইল ও বাসুদেব ইউনিয়নকে যুক্ত করে বরিশল নামে নতুন উপজেলা করার প্রস্তাব দেওয়া হয়। জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠালে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অখণ্ড ইউনিয়ন পুনর্বহাল ও উপজেলা বিভক্তির প্রতিবাদেই মূলত এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর ক্ষোভে ফুঁসে উঠেন ওইসব ইউনিয়নের মানুষ।
ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছে। জানমালের কোনো ক্ষতি যাতে না হয়, সেজন্য নিরাপত্তায় পুলিশ দায়িত্ব পালন করছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.