৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সফর নিয়ে দুই দেশের মানুষই আগ্রহী: দীনেশ ত্রিবেদী

Published: September 30, 2026, 3:19 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ত্রিবেদী বলেন, তিনি নিজে কূটনীতিক হিসেবে নয়, বরং দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্কের প্রেক্ষাপট থেকে এটি দেখছেন। যখনই প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি সামনে আসে, তখন উভয় দেশের মানুষই বেশ উচ্ছ্বসিত হয়ে পড়েন। এটিই প্রমাণ করে যে, সাধারণ মানুষ এই সফর ও দুই দেশের সম্পর্ক উন্নয়নকে গুরুত্বের সঙ্গে দেখছে।

ভারতীয় এই হাইকমিশনার স্পষ্ট করেন, তিনি কোনো রাজনৈতিক নেতা বা সরকারের পক্ষ থেকে নয়, বরং সাধারণ মানুষের প্রত্যাশার কথা বলছেন। বর্তমান পরিস্থিতি অত্যন্ত ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের রাষ্ট্রপ্রধানরা তাদের সুবিধাজনক সময়ে অবশ্যই সাক্ষাৎ করবেন। দুই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের মধ্যে কোনো সমস্যার অস্তিত্ব নেই, এমনটি ভাবা ভুল হবে। চ্যালেঞ্জগুলো থাকবেই, তবে দুই নেতা যখন আলোচনার টেবিলে বসবেন, তখন প্রতিটি সমস্যার সমাধান বের করা সম্ভব বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, সম্পর্কের অগ্রগতি ও সমস্যার সমাধানের জন্য দুই নেতা এবং দেশ উভয়কেই পর্যাপ্ত সময় দিতে হবে। সঠিক সময়েই আলোচনার ক্ষেত্র তৈরি হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, দুই দেশের নাগরিকরাই চায় তাদের নেতারা পরস্পরের সাথে সাক্ষাৎ করুন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পথ আরও সুগম হোক।