১৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশপুরে তেল-গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের সমাবেশ

Published: October 3, 2026, 7:56 pm

ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং তীব্র সার সংকটের প্রতিবাদে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টায় মহেশপুর কলেজ বাসস্ট্যান্ডে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় উপজেলা শাখা। কর্মসূচিতে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির পাশাপাশি সারের ডিলার ও ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগ এবং প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের কঠোর সমালোচনা করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আব্দুল হাই। মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ, নায়েবে আমির মাওলানা আব্দুল বারী, মাওলানা আব্দুল হাইসহ অন্যান্য স্থানীয় নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাধারণ মানুষ ও কৃষকরা আজ আকাশচুম্বী মূল্যবৃদ্ধির কারণে চরম আর্থিক সংকটে ভুগছেন। কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণ বন্ধ করে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তারা। নেতৃবৃন্দ অবিলম্বে এই সংকট নিরসনে কার্যকর সরকারি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

উক্ত প্রতিবাদ সমাবেশে জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে, যা কোনোভাবেই কাম্য নয়।