
মাদারীপুরের রাজৈরে মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ৩০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আমবাগ কুঠিবাড়ী মসজিদের সামনে স্থানীয় যুবসমাজ ও মুরব্বিদের উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষক ও মুরব্বিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ আমিনুল ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে বলেন, এলাকায় মাদকের কোনো তথ্য পাওয়া মাত্রই ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে জানাতে হবে। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে পুলিশ কোনোভাবেই ছাড় দেবে না এবং এক্ষেত্রে কোনো ধরনের সুপারিশও গ্রহণ করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করুন।
এই সমাবেশের ঘোষণার কয়েক ঘণ্টা পরই শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজৈর উপজেলার ঘোষালকান্দি এলাকায় টেকেরহাট-খালিয়াগামী সড়কের পাশে মেসার্স তাসনীম মটরসের সামনে বিশেষ অভিযান চালায় পুলিশ। ওসি মো. শেখ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই ফরিদ, এসআই নজরুল, এএসআই বিশ্বনাথ ও এএসআই উত্তম এই অভিযানে অংশ নেন। অভিযানে মাসুদ লস্কর (৩৫) এবং মো. আলমগীর শেখ (৩৪) নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের মধ্যে মাসুদের দেহ তল্লাশি করে ২০ পিস এবং আলমগীরের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আইন অমান্য করে মাদক ব্যবসার দায়ে এই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজৈর থানা পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।





