
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনারের আমন্ত্রণে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা এবং একাডেমিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষার সুযোগ সম্প্রসারণ। বিশেষ করে মাদরাসা শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে গবেষণার পথ সুগম করতে আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়। ভাষাগত উৎকর্ষ বৃদ্ধি পেলে শিক্ষার্থীরা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে বৃত্তি ও উচ্চতর গবেষণার সুযোগ আরও সহজে কাজে লাগাতে পারবেন বলে আলোচনায় উঠে আসে।
মালয়েশিয়ার শ্রমবাজারের চাহিদাকে সামনে রেখে জনশক্তি রপ্তানির বিষয়েও গুরুত্বপূর্ণ আলোকপাত করা হয়। দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে মাদরাসা গ্র্যাজুয়েটদের গড়ে তোলার লক্ষ্যে ভাষাগত প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দিয়েছেন উপাচার্য ও হাইকমিশনার। পেশাগত সক্ষমতা বাড়ানোর মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করা সম্ভব বলে তারা একমত পোষণ করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, আরবি ও মালয় ভাষায় দখল থাকলে শিক্ষার্থীরা শুধু উচ্চশিক্ষায় নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে পেশাগত ক্যারিয়ার গড়ার ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবেন। এই উদ্যোগটি বাস্তবায়িত হলে একাডেমিক যোগাযোগের পাশাপাশি কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে, যা সামগ্রিকভাবে দেশের শিক্ষিত জনগোষ্ঠীর জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া (USIM) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (IIUM) আমন্ত্রণে সরকারি সফরে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন উপাচার্য ড. মুহাম্মদ আবু জাফর খান। তিনি দেশটিতে অবস্থানকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা চালাচ্ছেন। সৌজন্য সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান এবং উপাচার্যের সফরসঙ্গী হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আশফাক আখতার উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.