১৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

Published: September 28, 2026, 7:02 pm

রাজধানীর মিরপুরে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও লুটপাটের শিকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ক্ষতিগ্রস্ত এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি পুনরায় চালু ও মেরামতের জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার (২৮ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি। মঈনুদ্দিন, জি এম হাফিজুর রহমান ও মনিরুল ইসলাম মৃধাসহ অনেকে।

পরিদর্শনকালে ডা. শফিকুর রহমান জানান, এলাকাবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে এই প্রাথমিক সহায়তার পাশাপাশি প্রয়োজনে আরও অনুদান দেওয়া হবে। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারি দলের ছত্রছায়ায় দেশজুড়ে যে মব সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড চলছে, তা অত্যন্ত দুঃখজনক। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো রাজনৈতিক দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের ধ্বংসাত্মক কাজের সাহস কারো হওয়ার কথা নয়। সরকারি দলের মদতেই এই অপকর্মগুলো সংঘটিত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাহলে আমরা করব ইনশাআল্লাহ।

স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে জামায়াত আমির জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, দেশের কোনো স্থানে যেন ভবিষ্যতে কোনো দুর্বৃত্ত অসামাজিক বা ধ্বংসাত্মক কাজ করতে না পারে, তা নিশ্চিত করতে সরকারকে কঠোর উদ্যোগ নিতে হবে। স্বাস্থ্যকেন্দ্রটি দ্রুত চালু করে সাধারণ মানুষের জন্য চিকিৎসা সেবা পুনরায় সচল করার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেওয়া এই আর্থিক সহায়তা কেন্দ্রটির পুনঃপ্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।