
যুক্তরাজ্যে মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সুদমুক্ত শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের এই নতুন অর্থায়ন সুবিধা সম্পর্কে অবহিত করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এ সুবিধাটি আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ লেনদেন নিষিদ্ধ হওয়ায় যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষাঋণ গ্রহণ নিয়ে চরম ধর্মীয় দ্বিধায় ভুগে থাকেন। সেই সমস্যার সমাধানে এবং ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ যেন উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল যে প্রস্তাবিত বিকল্প এই শিক্ষাসহায়তায় কোনো সুদ থাকবে না। বর্তমানে শিক্ষাসূচির সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এটি পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা করা হলেও দেশটির শিক্ষা বিভাগ (ডিএফই) এখনো এটি চালুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করেনি।
নতুন এই ঋণব্যবস্থার মূল ভিত্তি হলো ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক সহযোগিতার নীতি। এতে শিক্ষার্থীদের ঋণের আসলের সঙ্গে অতিরিক্ত কোনো সুদ দিতে হবে না। তবে সুদের পরিবর্তে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে পরিশোধ করতে হবে। প্রচলিত ঋণের অর্থ সরকারি কোষাগারে জমা হলেও, শিক্ষার্থীদের এই অবদানের অর্থ শুধু শরিয়াহভিত্তিক ঋণ গ্রহণকারী ভবিষ্যৎ শিক্ষার্থীদের সহায়তায় পুনঃব্যবহার করা হবে। ইসলামি অর্থায়ন তদারকি বোর্ড এই পুরো প্রক্রিয়াটিকে শরিয়াহসম্মত বলে স্বীকৃতি দেবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন শরিয়াহভিত্তিক ঋণে অর্থ পরিশোধের ধরন ভিন্ন হলেও ঋণ পরিশোধের পরিমাণ ও সময়সূচি প্রচলিত শিক্ষাঋণের মতোই রাখা হবে। সাধারণ নিয়মেই শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন, তবে মূলত এটি তৈরি করা হয়েছে মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় নীতিমালার বিষয়টি গুরুত্ব দিয়ে। ইতোমধ্যে ব্রিস্টল বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে যে সরকারি এই সুদমুক্ত ঋণ ব্যবস্থাটি সম্পূর্ণ শরিয়াহসম্মত। এছাড়া লিডস বিশ্ববিদ্যালয় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি বাস্তবায়নের আভাস দিয়েছে। একইসঙ্গে ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল), সিটি সেন্ট জর্জেস বিশ্ববিদ্যালয়, নিউক্যাসল বিশ্ববিদ্যালয় এবং ডি মন্টফোর্ট বিশ্ববিদ্যালয় আবেদনকারীদের জানিয়েছে যে এই অর্থায়ন ব্যবস্থাটি সুদমুক্ত ও ইসলামি শরিয়াহসম্মত।
যুক্তরাজ্য সরকার উদ্ভাবিত এই মডেলটিকে বিশ্বজুড়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত প্রাথমিক শরিয়াহভিত্তিক শিক্ষাঋণ কর্মসূচিগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছে। ইসলামি অর্থায়নবিষয়ক প্রতিষ্ঠান ‘ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে’ এই মডেলটি গড়ে তোলার জন্য সরকারি তহবিল থেকে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডেরও বেশি অর্থ সহায়তা পেয়েছে।
তবে নতুন এই সুদমুক্ত ঋণব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্কও দেখা দিয়েছে। সমালোচকদের মতে, এই উদ্যোগের ফলে শিক্ষাব্যবস্থায় বৈষম্য তৈরি হতে পারে। রিফর্ম ইউকের শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রেভারম্যান এই নীতির কড়া সমালোচনা করে বলেছেন, এটি বাস্তবায়িত হলে ব্রিটিশ শিক্ষাব্যবস্থায় দুটি আলাদা স্তর তৈরি হবে এবং সমাজে বিভাজন বাড়বে। তিনি প্রশ্ন তোলেন, যদি ভবিষ্যতে এই ঋণ পুরোপুরি আদায় না হয়, তবে সেই আর্থিক ক্ষতি শেষ পর্যন্ত সাধারণ করদাতাদেরই বহন করতে হবে। উল্লেখ্য, যুক্তরাজ্যের সরকারি পূর্বাভাস অনুযায়ী, দেশটির মোট শিক্ষাঋণের প্রায় অর্ধেক অর্থই শেষ পর্যন্ত আদায় হয় না। ফলে বিকল্প ঋণব্যবস্থাতেও করদাতাদের ওপর সম্ভাব্য আর্থিক দায়ের বিষয়টি থেকে যাচ্ছে।
রাজনৈতিক বিতর্কের মুখে যুক্তরাজ্যের শিক্ষা বিভাগের (ডিএফই) একজন মুখপাত্র বিষয়টি স্পষ্ট করে বলেছেন, মুসলিম শিক্ষার্থীদের আলাদা করে কোনো বাড়তি সুবিধা দেওয়ার দাবিটি ভিত্তিহীন। উভয় ব্যবস্থার আওতায় স্নাতকদের ঋণ পরিশোধের শর্ত এবং অর্থের পরিমাণ অভিন্ন থাকবে। সুদের স্থানে কেবল সমপরিমাণ অবদান যুক্ত করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে প্রচলিত শিক্ষাঋণেও সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে থাকে এবং শিক্ষাঋণ সাধারণ বাণিজ্যিক ঋণের মতো কঠোর নয়, এতে ঋণগ্রহীতাদের আর্থিক সুরক্ষার বিধান রয়েছে।
ইসলামি সেনসাস পরিচালিত ২০২১ সালের এক সমীক্ষায় দেখা গেছে, দেশটির প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর চালানো সেই জরিপে ৮০ শতাংশ মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক ঋণের বিষয়ে ধর্মীয় সংশয়ে থাকার কথা জানান। এমনকি ৭১ শতাংশ উত্তরদাতা বিদ্যমান ঋণব্যবস্থাকে মুসলিম শিক্ষার্থীদের প্রতি বৈষম্যমূলক বলে মনে করেন। যদিও ইসলামি চিন্তাবিদদের একটি অংশ বিশ্বাস করেন যে প্রয়োজনে প্রচলিত শিক্ষাঋণ গ্রহণ করাও জায়েজ হতে পারে। এই প্রসঙ্গে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ও শিক্ষার্থীদের জানিয়েছে যে যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষাঋণ গ্রহণকে অনুমোদিত হিসেবে গণ্য করেছে।





