৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা

Published: October 15, 2026, 9:33 pm

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশে যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সময়ে ড. ইউনূসের জন্য বাড়তি নিরাপত্তা ও বিশেষ প্রটোকলের ব্যবস্থা করা হয়েছে। সাবেক সরকারপ্রধান হিসেবে তার মর্যাদা বজায় রেখে এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে বলে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা নিশ্চিত করেছেন। শান্তিতে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ব্যক্তি হলেন ড. ইউনূস।

গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসকে একদল ব্যক্তি হেনস্তা করলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার জন্ম দেয়। এ ঘটনার প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক ও ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ মিশন ও কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের সার্বিক নিরাপত্তা জোরদার করার কঠোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সরকার এই অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, এ হেনস্তায় জড়িতরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সদস্য। নোবেলজয়ী এই ব্যক্তিত্ব যেন ভবিষ্যতে বিদেশের মাটিতে আর কোনো হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষভাবে সতর্ক রয়েছে। তার মতো শ্রদ্ধাভাজন ব্যক্তিত্বকে দেশের বাইরে হেনস্তার মতো ঘটনা যেন আর না হয় সে বিষয়ে সতর্ক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস বিষয়টি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে অবগত করেছে। একইসঙ্গে নিউইয়র্ক সিটি পুলিশের সঙ্গেও বাংলাদেশ কনস্যুলেট সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। ঘটনার বিস্তারিত উল্লেখ করে বিমানবন্দরের দায়িত্বে নিয়োজিত পোর্ট অথরিটি এবং সংশ্লিষ্ট পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ কনস্যুলেট ওই কর্তৃপক্ষের কাছ থেকে এ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা রোধে সংশ্লিষ্টদের নিয়ে কঠোর অবস্থান নিয়েছে সরকার।