
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল রংপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং যানজট নিরসনে পুলিশের জোরালো ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব নাগরিক সমস্যা সমাধানে গুরুত্বারোপ করেন।
সভায় সংসদ সদস্য জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও সক্রিয় করার ওপর জোর দেন। তিনি বলেন, শুধু মাদকসেবীদের ধরলেই হবে না, বরং মাদকের মূল উৎস ও কারবারিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। একইসঙ্গে অবৈধ বালু মহালগুলোর বিরুদ্ধে দৃশ্যমান অভিযান পরিচালনা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানে পুলিশকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন। মহানগরের যানজট সমস্যা সমাধানে কামারপাড়া বাসস্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।
নিজের প্রটোকল সংক্রান্ত বিষয়ে এমপি বেলাল বলেন, সংসদ সদস্য হিসেবে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ অনুযায়ী প্রাপ্য সম্মান ও প্রটোকল নিশ্চিত করতে প্রশাসনিক পর্যায়ে যেসব ঘাটতি রয়েছে, তা নিরসন করা জরুরি।
সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা, ক্রাইম অ্যান্ড অপস শাখার অতিরিক্ত কমিশনার তোফায়েল আহমেদ, উপপুলিশ কমিশনার মাহফুজুর রহমান (অপরাধ উত্তর) ও সনাতন চক্রবর্তী (গোয়েন্দা বিভাগ) সহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সংসদ সদস্যের সঙ্গে ছিলেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, পরশুরাম থানা জামায়াতের আমির অ্যাডভোকেট মাহবুব আলম এবং মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সবার আলোচনার প্রেক্ষিতে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ এমপির উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি প্রটোকল নিশ্চিত করার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.