
রংপুরের কাউনিয়ায় প্রকাশ্যে ফখরুল আলম রতন হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শাঁকতলা বাজার এবং নোয়াখালীর সোনাইমুড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে এই মামলায় খলিলুর রহমান নামে আরও একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন কাউনিয়া উপজেলার শিবু কুটিরপাড় গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ও মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা মজনু মিয়া (৩২), একই এলাকার মৃত আবজাল হোসেনের ছেলে লুৎফর রহমান (৪০) এবং মোকছেদ আলীর ছেলে রিপন মিয়া (৩০)। আসামিরা বর্তমানে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের কাউনিয়ায় নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের কাউনিয়ায় নিয়ে আসতে মামলার তদন্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল সেখানে পাঠানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে রতনের পরিবারের সঙ্গে আসামিদের বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ১৯ অক্টোবর বাড়ির কাছে আবদার আলীর চায়ের দোকানের সামনে রতনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ২০ অক্টোবর কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার ওসি বাদল কুমার মন্ডল জানিয়েছেন, আসামিদের ফিরিয়ে আনতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযুক্তদের শনাক্ত করা হয়। মামলার এজাহারভুক্ত অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.