
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর মঙ্গলবার রংপুরের ঐতিহাসিক রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কুশল বিনিময় করবেন। একই দিনে তিনি রাজশাহী ও চট্টগ্রামের আরও দুটি পূজামণ্ডপ পরিদর্শন করবেন বলে জানা গেছে। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য প্রকাশ করা হয়।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরে যাবেন এবং বেলা ১১টার দিকে মণ্ডপটি পরিদর্শন করবেন। এরপর সৈয়দপুর বিমানবন্দর হয়ে তিনি রাজশাহী ও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। তিনি জানান, মূল পরিদর্শনের জন্য রাধা গোবিন্দ মন্দির নির্ধারণ করা হলেও সুবিধার্থে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দির ও গুপ্তপাড়া মন্দিরকেও প্রস্তুত রাখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয়দের পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, রাজধানীর বাইরে মফস্বল এলাকায় কোনো প্রধানমন্ত্রীর এভাবে দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শন দেশের ইতিহাসে এক বিরল ঘটনা। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কাছে ‘রংপুর ধর্মসভা মন্দির’ নামে পরিচিত এই প্রাচীন উপাসনালয়টি দীর্ঘদিন ধরে তাদের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।





