
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একাধিক স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাসটিতে আগুন লাগার পর ধোঁয়া মেট্রোরেল স্টেশনে ঢুকে পড়লে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এতে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ছোটাছুটি শুরু করলে নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সন্ধ্যা ৭টা ২ মিনিট থেকে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে।
একই সময়ে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সদস্য ফয়সাল ও সুকুমার হালদারকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সহিংসতার খবর পাওয়া গেছে রাজধানীর আরও কয়েকটি এলাকায়। উত্তরায় শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সামনে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। টিএসসি মেট্রো স্টেশনের নিচ থেকে ককটেল ভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে এবং সেখানে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা কাজ শুরু করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। এছাড়া একই সময়ে পোস্তাগোলা ব্রিজের ওপর দুটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটানোর ঘটনা ঘটেছে। পুরো পরিস্থিতির দিকে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজর রাখছে।





