
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজশাহী সফরে এসেছেন তারেক রহমান। এই সফরকালে তিনি স্থানীয় এক জনসভায় যোগ দিয়ে প্রায় ৩৯ হাজার আখচাষির মাঝে ১২ কোটি টাকার সরকারি প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভার মঞ্চ থেকে ল্যাপটপের বাটন চেপে তিনি সরাসরি এই কার্যক্রমের সূচনা করেন। প্রণোদনা বিতরণ শেষে জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছানোয় সফরসূচিতে পরিবর্তন এনে সরাসরি নগরের ঐতিহাসিক মাদরাসা মাঠে জনসভায় যোগ দেন। এতে বাদ পড়ে নগরীর গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি।
অনুষ্ঠানের প্রথম ধাপে প্রধানমন্ত্রী জানান, মোট ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে এই প্রণোদনার আওতায় ১২ কোটি টাকা বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে তিনি দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন চাষির হাতে প্রতীকী চেক তুলে দেন। জনসভায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় তিনি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান এবং বিকেল সাড়ে ৩টার দিকে জনসভাস্থলে এসে উপস্থিত হন। মুহূর্তের মধ্যেই কৃষকদের ব্যাংক হিসাবে প্রণোদনার অর্থ জমা হয়। মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে টাকা জমার খবর পান তারা। এ সময় বিএনপির সংসদ সদস্য ও দলীয় নেতারা বক্তব্য দেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই রাজশাহী নগরীজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। তাকে একনজর দেখার জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা এবং হাতে জাতীয় পতাকা নিয়ে মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। রাজশাহী সফর শেষ করে আজই সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গত কয়েক দিন ধরে রাজশাহী নগরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। বিমানবন্দর থেকে তার যাত্রাপথসহ বিভিন্ন সড়কে সংস্কার, পিচ ঢালাই ও রঙ করার কাজ করা হয়েছে।





