
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের সশস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির পক্ষ থেকে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।
এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, ফেসবুকের একটি মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ছাত্রদলের নেতাকর্মীরা রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ ও বেসবল ব্যাটসহ দেশীয় অস্ত্র নিয়ে শহীদ জিয়াউর রহমান হলের সামনে অবস্থান নেয়। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা হামলার শিকার হন এবং তাদের ‘পুঁতে ফেলার’ হুমকি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলমসহ অন্তত ১০ জন নেতাকর্মী সরাসরি অংশ নেন।
হামলায় আহত সাংবাদিকদের মধ্যে রয়েছেন দৈনিক সমকালের মাঈনুল ইসলাম রাজু, দ্য ডেইলি স্টারের নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আরিফ উজ্জামান কোরবান এবং আগামীর সময়ের জাহিদুল ইসলাম। এদের মধ্যে জাহিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আহতদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার কেন্দ্রে রাজনৈতিক কর্মীদের এমন সশস্ত্র কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে এনসিপি। দলটির মতে, গণমাধ্যমের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার দায় এড়াতে পারে না।
ঘটনায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের দলীয় ও রাষ্ট্রীয় আইনে দ্রুত গ্রেপ্তার এবং কঠোর বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী ও সংবাদকর্মীদের নির্বিঘ্নে মতপ্রকাশের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে দলটি বলছে, ছাত্র-জনতা ক্যাম্পাসের সব ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি প্রতিহত করতে বদ্ধপরিকর।





