
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে দুই ইউনিট মিলিয়ে রেকর্ড সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত এই বিদ্যুৎ বর্তমানে জাতীয় গ্রিডে সরাসরি সরবরাহ করা হচ্ছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে কেন্দ্রটির প্রথম ও দ্বিতীয় ইউনিট থেকে যৌথভাবে এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়।
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। সম্প্রতি যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হলেও বর্তমানে তা মেরামত শেষে নিরবচ্ছিন্ন উৎপাদন চলছে।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়। এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) গঠিত হয়।
বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের ১ হাজার ৩৪ একর জমির ওপর প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’টি নির্মাণ করা হয়। বর্তমানে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা পুরোপুরি কাজে লাগিয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.