২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে যুবলীগ নেতা ‘গুজা মোনাফ’ ও তার সহযোগী আটক

Published: September 17, 2026, 11:05 am

কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালার চা বাগান এলাকা থেকে জেলা যুবলীগের নেতা মোনাফ সিকদার ওরফে ‘গুজা মোনাফ’ এবং তার সহযোগী রানাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে রামু থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আটক মোনাফ সিকদার কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে জেলা যুবলীগের রাজনীতির সাথে যুক্ত। তার বিরুদ্ধে হত্যাসহ প্রায় এক ডজন ফৌজদারি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন এলাকায় মোনাফ সিকদারের ছবি ও ব্যানার নিয়ে যুবলীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেছিলেন। ওই মিছিলের খবর পাওয়ার পরপরই তাকে আইনের আওতায় আনতে অভিযানে নামে পুলিশ। তবে ঠিক কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা মোনাফ সিকদার ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।