
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখার সময়সীমা আরও ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা যাচাই এবং রাডার ও যোগাযোগ অবকাঠামো মেরামতের কাজ নিশ্চিত করতে এই বাড়তি সময় নেওয়া হয়েছে। তবে বিমানবন্দরটি পুনরায় কবে নাগাদ স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারবে, সে বিষয়ে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন) সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের নিরাপত্তা ও সামগ্রিক সক্ষমতা পর্যালোচনার প্রক্রিয়াটি চলমান থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে সাম্প্রতিক এক হামলার ঘটনায় বিমানবন্দরের রাডার ও যোগাযোগ ব্যবস্থায় ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য পাওয়া গিয়েছিল। যদিও এ বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
এই দীর্ঘমেয়াদী স্থগিতাদেশের ফলে সৌদি আরবের আকাশপথে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। পাকিস্তানের বিমান চলাচল খাতের তথ্যানুযায়ী, কেবল সোমবারই পাকিস্তান ও রিয়াদের মধ্যে চলাচলকারী ৩২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া রিয়াদ কেন্দ্রিক বহু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার ঘটনা ঘটেছে। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরেও এর ব্যাপক প্রভাব পড়েছে, যেখানে অন্তত ১৫৬টি ফ্লাইট বাতিল এবং ৩৭৪টি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনতে হয়েছে। তবে ভালো খবর হলো, ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সৌদি আরবের আকাশসীমা ব্যবহারকারী মার্কিন এয়ারলাইন্সগুলোর জন্য সতর্কবার্তা জারি করেছে। চলমান সামরিক অস্থিরতা ও নিরাপত্তাঝুঁকি বিবেচনায় তাদের অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। আল জাজিরা ও আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, পুরো সৌদি আকাশপথের নিরাপত্তা পরিস্থিতি এখন পর্যালোচনার অধীনে রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.