
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে নতুন এক মাইলফলক অর্জিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছ থেকে পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি শুরুর আনুষ্ঠানিক অনুমোদন পাওয়া গেছে। তিনি জানান, গতকাল (২৯ অক্টোবর) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডকে পাওয়ার স্টার্ট-আপ স্টেজ সি শুরুর অনুমোদন দেন।
এই অনুমোদনের পরপরই রূপপুর প্রকল্পের ইউনিট-১ এ কার্যক্রম শুরু হয়েছে। স্টেজ সি মূলত কমিশনিং প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই পর্যায়ে রিঅ্যাক্টরের ক্ষমতা ধাপে ধাপে বাড়িয়ে প্ল্যান্টের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা ও সমন্বিত পরিচালনা পরীক্ষা করা হবে। এর মধ্যে রয়েছে রিঅ্যাক্টর, প্রাইমারি ও সেকেন্ডারি সিস্টেম, টারবাইন-জেনারেটর, বৈদ্যুতিক ব্যবস্থা, কন্ট্রোল ও ইন্সট্রুমেন্টেশন এবং রিঅ্যাক্টর প্রোটেকশন ও সেফটি সিস্টেমের মতো স্পর্শকাতর বিষয়গুলো।
রিঅ্যাক্টরের ক্ষমতা বৃদ্ধির প্রতিটি ধাপে নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন সম্পন্ন করা হবে। বিশেষ করে টারবাইন কন্ট্রোল ও প্রোটেকশন সিস্টেম, জেনারেটর এবং বিদ্যুৎ ব্যবস্থার সক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। এ ধাপের অন্যতম প্রধান লক্ষ্য হলো নির্ধারিত সব পরীক্ষা সফলভাবে শেষ করে ইউনিট-১ এর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা এবং নিয়মিত বিদ্যুৎ সরবরাহের দিকে এগিয়ে যাওয়া।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা এবং কমিশনিংয়ের প্রয়োজনীয় শর্তাবলি পূরণ সাপেক্ষে এই কার্যক্রম ধাপে ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। রূপপুর প্রকল্পের কমিশনিং প্রক্রিয়ায় স্টেজ সি-এর এই সূচনা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে বড় এক ধাপ এগিয়ে নিয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির সব কার্যক্রমে পারমাণবিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.