
রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার মাধ্যমে দীর্ঘস্থায়ী সংকট সমাধানের লক্ষ্যে সুইডেনের সক্রিয় সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ৪ অক্টোবর (রবিবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সাক্ষাৎকালে হুমায়ুন কবির বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায়, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য সুইডেনের অব্যাহত সহায়তা চান।
সাক্ষাৎকালে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রা, গণতান্ত্রিক ধারার উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সুইডেনের দেওয়া ধারাবাহিক সহায়তার প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এই ক্ষেত্রে নবায়নযোগ্য জ্বালানি, ওষুধ শিল্প, পরিবেশবান্ধব প্রযুক্তি, প্রকৌশল এবং টেলিযোগাযোগ খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সুইডেনকে বড় আকারের বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি। একই সঙ্গে সংকটটিকে আন্তর্জাতিক এজেন্ডায় রাখার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন। বৈঠকে সুইডেনকে বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে উল্লেখ করেন হুমায়ুন কবির। আলোচনায় দুই দেশের উন্নয়ন সহায়তা, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, অভিবাসন ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উঠে আসে। দুই নেতা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভবিষ্যতের বাণিজ্য সুবিধা নিয়েও মতামত বিনিময় করেন। বৈঠকে উভয় পক্ষ অভিবাসন ইস্যুতে দক্ষ জনশক্তি তৈরি ও কারিগরি প্রশিক্ষণে সহযোগিতা বাড়িয়ে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত মাসে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীবিদ্যা বা মিডওয়াইফারি অন্তর্ভুক্তকরণ সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশ ও সুইডেনের যৌথ আয়োজনের কথা স্মরণ করেন। এই বিশেষ উদ্যোগে সহযোগিতার জন্য তিনি সুইডেন সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইকস নতুন দায়িত্ব গ্রহণ করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে অভিনন্দন জানান। জবাবে রাষ্ট্রদূত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা ও সম্পর্ক আরও নিবিড় করতে সুইডেনের আগ্রহ ও প্রস্তুতির কথা পুনরায় ব্যক্ত করেন।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.