
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী ৫৯ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশ সময় শুক্রবার সন্ধ্যায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিডিনিউজের চিফ রিপোর্টার সুমন মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিকিৎসার জন্য কিছুদিন আগে তিনি লন্ডনে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে সেখানে অবস্থানকালীন হোটেল কক্ষে মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হয়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, মস্তিষ্কে রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ।
তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে নিজের মালিকানাধীন সংবাদমাধ্যম ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি লন্ডনভিত্তিক গণমাধ্যম বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালের ডিসেম্বরে তিনি জাতীয় আইসিটি পুরস্কারে ভূষিত হন। খালিদী ডিসেম্বর ২০১৭ সালে ‘ডিজিটাল বাংলাদেশ’ উন্নয়নে ‘বিশেষ স্বীকৃতি ও সম্মাননা’ হিসেবে জাতীয় আইসিটি পুরস্কার অর্জন করেন।





