
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দ্বিতীয় অপারেটর হিসেবে যাত্রীসেবা বা প্যাসেঞ্জার হ্যান্ডলিং প্রদানের কাজ পেলে প্রথম বছরেই ১২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক এভিয়েশন সেবাদাতা প্রতিষ্ঠান মেনজিস এভিয়েশন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এই বিনিয়োগের মাধ্যমে প্রথম বছরেই ১ হাজারের বেশি মানুষের সরাসরি কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে। এছাড়া দেশের সার্বিক অর্থনীতি ও সরবরাহশৃঙ্খলে আরও সাড়ে ৪ হাজারের বেশি পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে তারা আশা প্রকাশ করেছে।
ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিকল্পনা বিস্তারিত তুলে ধরা হয়। এতে মেনজিস এভিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন হেন্ডারসন এবং একই অঞ্চলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদও উপস্থিত ছিলেন। মেনজিসের দাবি, তাদের এই প্রস্তাবিত বিনিয়োগ কেবল বিমানবন্দর পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাংলাদেশের এভিয়েশন খাতের সক্ষমতা ও মানবসম্পদ উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে।
প্রকল্পের অংশ হিসেবে ঢাকায় একটি ‘মেনজিস ট্রেনিং একাডেমি’ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে এভিয়েশন সম্পর্কিত ইন্টার্নশিপ ও গ্র্যাজুয়েট পাথওয়ে কর্মসূচি চালুর লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে কোম্পানিটি। তাদের মতে, এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের জ্ঞান ও দক্ষতার আদান-প্রদান সহজ হবে এবং বাংলাদেশি কর্মীরা অপারেশনাল ও ব্যবস্থাপনাগত দক্ষতা অর্জনে সক্ষম হবেন।
দ্বিতীয় অপারেটর নির্বাচনের ক্ষেত্রে ভূ-রাজনৈতিক বা রাজনৈতিক প্রভাবের সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর সাকিব এরশাদ বলেন, তাঁরা এ বিষয়ে অত্যন্ত আশাবাদী। তিনি দৃঢ়ভাবে জানান, অপারেটর নির্বাচনের এই পুরো প্রক্রিয়াটি কোনো প্রকার ভূ-রাজনৈতিক প্রভাবমুক্ত এবং সম্পূর্ণ মুক্ত ও সুষ্ঠু প্রতিযোগিতার ভিত্তিতে সম্পন্ন হবে। মেনজিস কর্তৃপক্ষ মনে করছে, তাদের এই উদ্যোগ যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি দক্ষতা বিনিময়ে বড় ধরনের অবদান রাখবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.