
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের পাঁচ্চর এলাকায় দুই বাসের সংঘর্ষে অন্তত তিনজনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে পাঁচ্চর এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে আসছিল পালকী পরিবহনের একটি বাস। পথিমধ্যে শিবচরের পাঁচ্চর বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির একটি চাকা নষ্ট হয়ে যায়। চালক তখন বাসটি সড়কের একপাশে দাঁড় করিয়ে রাখেন। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পালকী পরিবহনের চালকের সহকারী এবং হানিফ পরিবহনের দুই যাত্রী মারা যান।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন এবং আহতদের স্থানীয় ক্লিনিকে পাঠানোর ব্যবস্থা করেন। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সরদার জানান, চাকা পাংচার হওয়ায় পালকী পরিবহনটি এক্সপ্রেসওয়েতে পার্কিং করা অবস্থায় ছিল। হানিফ পরিবহনের বাসটি ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান জানান, নিহতদের উদ্ধার করা হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.