
সিলেট নগরের জিন্দাবাজারের একটি রেস্তোরাঁয় খেতে আসা এক তরুণ ও তাঁর বান্ধবীর ছবি গোপনে তুলে তা অনলাইনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি থানা-পুলিশের যৌথ অভিযানে রোববার রাতে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়াইনঘাটের বাসিন্দা আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের বাসিন্দা মো. সামছুল আমীন (২৭)। তারা ওই রেস্তোরাঁটির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
ভুক্তভোগী তরুণ মামলার এজাহারে উল্লেখ করেন, গত শনিবার বিকেলে তিনি তাঁর বান্ধবীকে নিয়ে ওই রেস্তোরাঁয় খেতে যান। সে সময় তাঁদের অজান্তে গোপনে ছবি তোলা হয়। পরবর্তীতে ফেসবুকের বিভিন্ন পেজে সেই ছবিগুলো ছড়িয়ে দিয়ে তাদের হেনস্তা ও অপপ্রচার চালানো হচ্ছে। অভিযোগকারী জানান, এই ঘটনার ফলে দুই পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং তারা সামাজিকভাবে বিব্রতকর ও হয়রানিমূলক পরিস্থিতির মুখে পড়েছেন। তাঁরা হয়রানির শিকার হওয়ার পাশাপাশি বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির জানান, রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ওই দুই কর্মচারীকে শনাক্ত ও আটক করা হয়। ভুক্তভোগী তরুণের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা নিয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.