
সুনামগঞ্জ পৌর শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। শহরে চুরি, ছিনতাই এবং মাদক ব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে কার্যকর ডিজিটাল নজরদারি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
২০২১ সালে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও মোড়ে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দেড় শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। তৎকালীন সময়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষ থেকে ক্যামেরাগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় ছিল। নিয়মিত নজরদারির কারণে অপরাধ প্রবণতা অনেকাংশেই নিয়ন্ত্রণে ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হতো।
তবে দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে অধিকাংশ ক্যামেরা অকেজো হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, অনেক স্থানে ক্যামেরার অস্তিত্ব থাকলেও সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, কোনো কোনোটির তার ছিঁড়ে ঝুলে আছে, আবার অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে ক্যামেরাগুলো উধাও হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, কার্যকর সিসিটিভি ব্যবস্থা না থাকায় অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এমনকি থানার নিকটবর্তী ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানেও চুরির ঘটনা ঘটছে, কিন্তু ফুটেজ না থাকায় পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে পারছে না।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, পুরো শহরকে পুনরায় সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে পারলে অপরাধ প্রবণতা অনেকটাই হ্রাস পাবে। এদিকে সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক স্বীকার করেছেন যে, বর্তমানে সিসি ক্যামেরাগুলো অকেজো হয়ে আছে। তিনি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিসি ক্যামেরা সচল করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতাদের সাথে আলোচনা করে খুব শীঘ্রই কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.