
দেশে সুশাসন ও মানবিক অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। গত রোববার রাতে রাজধানীর গুলশান পূর্ব থানার ১৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে এক মতবিনিময় ও উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গুলশান পূর্ব থানা জামায়াতের আমির মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথিরাও বক্তব্য রাখেন।
ইসলামের শিক্ষা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, অন্য ধর্মের উপাসনালয় বা ধর্মীয় নেতাদের নিয়ে কটূক্তি করার সুযোগ নেই। ইসলাম মানুষকে সহনশীল হতে ও প্রতিবেশীর প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শেখায়। তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী হিসেবে আমি বলতে চাই, জামায়াতে ইসলামী কখনোই অন্য ধর্মাবলম্বীদের ওপর কোনো অবিচার করেনি। বরং ইসলামি আদর্শই মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে ও যথাযথ অধিকার দিতে উৎসাহিত করে। জামায়াত ইসলামীর আদর্শ অনুসরণ করে, যা মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে এবং প্রত্যেক মানুষকে সম্মান করতে শেখায়।
সমাজে সুশাসন ফেরাতে সৎ নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এমন নেতৃত্ব প্রয়োজন যারা জনগণের পাশে থাকবে। জামায়াতকে নিয়ে নানা অপপ্রচার চালানো হলেও সাধারণ মানুষ এখন সত্য বুঝতে পারছে। এ প্রসঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রসংগঠনের নিরঙ্কুশ বিজয়কে তিনি বাস্তব প্রমাণ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, আপনারা বাংলাদেশে নির্দ্বিধায় ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন। কারো ওপর কোনো সমস্যা হলে দলমত নির্বিশেষে আমরা আপনাদের অধিকার রক্ষায় লড়াই করব। এ ছাড়া নাগরিক ভোগান্তি কমাতে জামায়াতের পক্ষ থেকে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে নগরবাসী ৫০টিরও বেশি সেবা ঘরে বসেই পেতে পারবেন। এ সময় নাগরিক সেবা প্রসঙ্গে তিনি বলেন, নগরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যেখানে ৫০টিরও বেশি সেবামূলক সুবিধা পাওয়া যাবে।





