
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগ এবং দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের দিনাজপুর রোডে অবস্থিত ব্যাংকটির সৈয়দপুর শাখা কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’ এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এতে ব্যাংকের স্থানীয় বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর তিন মাসের বেশি সময় অতিবাহিত হলেও বর্তমান প্রশাসক মোহাম্মদ জহির হোসেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ গঠনে ব্যর্থ হয়েছেন। এছাড়া চলমান আইনি মামলার অগ্রগতি এবং বিভিন্ন প্রশাসনিক জটিলতার নিরসনেও তিনি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি। গ্রাহক ফোরামের নেতারা অভিযোগ করেন, ব্যাংকের বর্তমান পরিস্থিতি আমানতকারীদের জন্য চরম অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সমাবেশে গ্রাহক ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান এবং সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম ও আব্দুস সালামসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা পাচারকৃত অর্থ উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সৎ, যোগ্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করতে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
গ্রাহক ফোরামের নেতারা সতর্কবার্তা দিয়ে বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমের সঙ্গে দেশের অগণিত মানুষের আমানত ও সামগ্রিক আর্থিক সুরক্ষা সরাসরি যুক্ত। তাই ব্যাংকিং খাতের এই সংকটময় সময়ে দীর্ঘমেয়াদী অনিশ্চয়তা পরিহার করে স্বাভাবিক লেনদেন ও কার্যক্রম গতিশীল করা জরুরি। পাশাপাশি ব্যাংকের শৃঙ্খলা ফেরাতে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.