
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী তাদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি প্রজেক্টাইল আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে। শুক্রবার আসিরের আহাদ রাফিদাহ গভর্নরেটের আকাশে প্রথম ক্ষেপণাস্ত্রটি শনাক্তের পর তা ধ্বংস করা হয়। এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মাটিতে পড়লে একজন এশীয় প্রবাসী আহত হয়েছেন বলে দেশটির কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এছাড়া ধ্বংসাবশেষের আঘাতে একটি ভবনের ভেতরে থাকা নামাজের কক্ষ এবং বেশ কয়েকটি বেসামরিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি জানিয়েছেন, একই দিনে আসিরের খামিস মুশাইত লক্ষ্য করে হুতি মিলিশিয়ারা আরও তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা সৌদি প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করতে সক্ষম হয়েছে। পাশাপাশি শুক্রবার নাজরানে হুতিদের ছোড়া আরেকটি শত্রু প্রজেক্টাইল একটি স্কুলে আঘাত হানলে ভবনটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে দেশটির সিভিল ডিফেন্সের দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। জেনারেল ডিরেক্টরেট অব সিভিল ডিফেন্স জানিয়েছে, হামলার পর থেকে তারা পরিস্থিতির দিকে নজর রাখছে এবং প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.