৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জের লাখাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Published: October 13, 2026, 5:29 pm

‘ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে উপজীব্য করে হবিগঞ্জের লাখাইয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব। সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আগাম প্রস্তুতি গ্রহণের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সম্মিলিত উদ্যোগ এবং পূর্বপ্রস্তুতির কোনো বিকল্প নেই। নিজেদের ঘর ও পরিবার থেকেই দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য প্রদানকারীদের মধ্যে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম সাহেদ, ফায়ার সার্ভিসের সাব-অফিসার জহিরুল ইসলাম এবং সাংবাদিক এম এ ওয়াহেদ। এ ছাড়া স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

স্থানীয় বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম এবং অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান উপস্থিত থেকে দুর্যোগ প্রশমনে নিজেদের ভাবনা তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে লাখাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জুবায়ের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাবু কেশব চন্দ্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।