
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে করা পূর্বের মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে আদালতে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। আগের মামলার বাদী ফ্যাশন ডিজাইনার ও ভেলমেট-ইয়ুথ ম্যাগাজিনের সম্পাদক সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী এ মামলা করেন।
সোমবার দুপুরে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে হাজির হয়ে তিনি এই নতুন মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে মামলাটি গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর আসামি তানজিন তিশাকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রনি এ খবর নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরী প্রথম তানজিন তিশার বিরুদ্ধে ঢাকার আদালতে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন। সেখানে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরিধানের জন্য তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে পরদিন শাড়িটি ফেরত দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা আর ফেরত প্রদান করা হয়নি।
পূর্বের মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দিয়েছিলেন। তবে তদন্ত কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনের বিরুদ্ধে বাদী গত ২৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন জানান। নারাজি শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ প্রদান করেন।
নতুন মামলার অভিযোগে বলা হয়, আগের আইনি পদক্ষেপের পর থেকে তানজিন তিশা অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের মাধ্যমে বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি দিয়ে আসছেন। মামলা তুলে না নিলে তাঁকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলেও ভয় দেখানো হয়। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। স্থানীয় থানায় গেলে পুলিশ তাঁকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।
এ বিষয়ে সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী জানান, প্রথম মামলাটি দায়েরের পর থেকেই তিশা তাঁকে হুমকি দিচ্ছেন এবং বাসায় লোক পাঠিয়ে ভয়ভীতি দেখাচ্ছেন। বর্তমানে মূল মামলার পুনঃ তদন্ত সিআইডির কাছে ন্যস্ত রয়েছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.