
প্রবাসী বাংলাদেশিদের পুঁজি দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগানোর লক্ষ্যে ১০০ কোটি বা ১ বিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে বিনিয়োগ প্রতিষ্ঠান এম ক্যাপিটাল। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘ডাকছে বাংলাদেশ’ শীর্ষক এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই তহবিলের যাত্রা শুরু হয়। গত ২৬ সেপ্টেম্বর আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী।
অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তরুণ প্রজন্মের মেধা ও আধুনিক প্রযুক্তির সাথে সামাজিক ব্যবসার সমন্বয় সাধনের ওপর জোর দেন। তিনি প্রবাসীদের দেশের প্রযুক্তিগত উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীল বিভিন্ন উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। অন্যদিকে, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের বর্তমান অর্থনীতিতে চলমান সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের চিত্র তুলে ধরেন। তিনি প্রবাসীসহ সকল বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে এসে ব্যবসার প্রকৃত পরিবেশ ও সম্ভাবনা নিজ চোখে দেখার আমন্ত্রণ জানান।
এম ক্যাপিটালের চেয়ারম্যান আহসান এইচ মনসুর জানান, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা অর্থকে উৎপাদনশীল সম্পদে রূপান্তর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই ১ বিলিয়ন ডলারের কাঠামোর আওতায় তিনটি বিশেষায়িত তহবিল গঠিত হবে, যার মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ফান্ড, ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট ফান্ড এবং হেলথকেয়ার ইমপ্যাক্ট ফান্ড। তিনি জানান, তহবিলগুলো দেশীয় ও আন্তর্জাতিক আইনের যথাযথ অনুসরণে পরিচালিত হবে। বিনিয়োগের স্বচ্ছতা নিশ্চিত করতে এতে স্বাধীন উপদেষ্টা তদারকি এবং দুই বছরের লক-ইন মেয়াদের ব্যবস্থা থাকবে। এছাড়া ব্র্যাক ব্যাংক এই তহবিলের ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে দায়িত্ব পালন করবে। এম ক্যাপিটালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিশ্বের ১০০টি শহরে প্রবাসী বাংলাদেশিদের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। আহসান এইচ মনসুর বলেন, ‘ডাকছে বাংলাদেশ’ কেবল একটি স্লোগান নয়, এটি মূলত পরিবর্তনের একটি বড় আহ্বান। প্রবাসীদের পুঁজি, অভিজ্ঞতা ও নেটওয়ার্ককে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর ও উচ্চমূল্যের বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। উল্লেখ্য, রাজধানীর বনানীতে নিবন্ধিত কার্যালয় থেকে পরিচালিত এম ক্যাপিটাল লিমিটেড মূলত প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের পুঁজি বাংলাদেশের উৎপাদনশীল খাতে যুক্ত করতে কাজ করছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.