
সৌর বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সরকার। ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। শনিবার রাজধানীর আগারগাঁওয়ের সমবায় ভবনে আয়োজিত এক সভায় এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়িত হলে দেশে বিদ্যুতের বিদ্যমান ঘাটতি দূর করা সম্ভব হবে। বর্তমানে দেশে ১৪ হাজার থেকে ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, তা মেটাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক ধাপ হিসেবে আগামী ফেব্রুয়ারির মধ্যে সৌর বিদ্যুৎ থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। প্রকল্পের এই পর্যায়টি সফলভাবে সম্পন্ন হলে দেশে লোডশেডিংয়ের সমস্যা আর থাকবে না বলে সরকারের পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। এই উদ্যোগে অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে সরকার বিশেষ সুবিধার ব্যবস্থা রেখেছে। আগামী ফেব্রুয়ারি থেকে জাতীয় গ্রিডে সৌর বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বা ব্যক্তি প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রির সুযোগ পাবেন, যা ২০২৮ সাল পর্যন্ত বহাল থাকবে। এরপর এই দাম কমিয়ে ইউনিটপ্রতি ৬ থেকে ৭ টাকা নির্ধারণ করা হতে পারে। এছাড়া সরকারি উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত বিশাল ছাদে সোলার প্যানেল বসিয়েও বাড়তি আয়ের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। বিশেষ করে শুক্র ও শনিবার এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার সময় উৎপাদিত বিদ্যুৎ গ্রিডে দিয়ে বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.