
নিউইয়র্কে অনুষ্ঠিত কাতার অর্থনৈতিক ফোরামের বিশেষ আয়োজনে দেশটির বিশাল অর্থনৈতিক পরিকল্পনা ও বেসরকারি খাতের বিকাশে নতুন দিকনির্দেশনা দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি। এই ফোরামে তিনি কাতারের অভ্যন্তরীণ উন্নয়নের জন্য ৬০ বিলিয়ন ডলারের একটি বিশাল বিনিয়োগ পাইপলাইন এবং 'দোহা ইনভেস্টমেন্ট' নামক একটি বিশেষ আর্থিক প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন।
আগামী পাঁচ বছরে ৩৮.৫ বিলিয়ন ডলার ব্যয়ে বিভিন্ন অবকাঠামো প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে কাতার। পাশাপাশি রিয়েল এস্টেট ও আতিথেয়তা খাতে ২২.৫ বিলিয়ন ডলারের বেসরকারি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে ৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মাণাধীন সুমসাইমা বিচ উন্নয়ন প্রকল্প।
কাতারের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি সঞ্চার এবং স্থানীয় পুঁজিবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাতার ইনভেস্টমেন্ট অথরিটির (QIA) পোর্টফোলিও তত্ত্বাবধানে 'দোহা ইনভেস্টমেন্ট' প্ল্যাটফর্মটি কাজ করবে। এটি বিশ্ববাজারে কাতারি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতাকে একটি বড় ধরণের ধাক্কা হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, এই সংকটকালেও কাতার দ্রুত কার্যকর পুনর্গঠন পরিকল্পনা গ্রহণ করেছে। সামুদ্রিক রুট ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটলেও নতুন শিপিং রুট চালুর মাধ্যমে বাজার ব্যবস্থা ও ব্যাংকিং খাতের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়েছে। এছাড়া বৈশ্বিক জ্বালানি বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নর্থ ফিল্ড সম্প্রসারণের কাজও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলছে।
ব্যবস্থাপনা সম্পাদক : শিরিন জাহান, সম্পাদক ও প্রকাশক : ফেরদৌস আহমদ,,
সহযোগী সম্পাদক : আহমাদ আর রাফি রাতুল, আহমাদ আর রাফি রাহী।
মেইল: editor@kongstime.com
মোবাইল: 01567927369
Copyright © 2026 kongsotime.com. All rights reserved.