
‘করব কাজ, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহনে ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কর্মসূচি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও কৃষক কার্ড হস্তান্তর করা হয়।
কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন এই উদ্যোগের লক্ষ্য হলো কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং তাদের আধুনিক, জলবায়ুসহিষ্ণু ও টেকসই কৃষি ব্যবস্থার আওতায় নিয়ে আসা। কর্মসূচির প্রথম ধাপে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডের মোট ২,২১৮ জন কৃষককে কার্ড প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের কৃষকরা এই সুবিধার আওতায় আসবেন বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ, ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খাইরুল ইসলাম মল্লিক, ট্রেনিং অফিসার ড. শামীম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক এবং উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মো. আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় কৃষকরা।





