১৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে শ্বশুরবাড়িতে চাটখিলের এক যুবকের মৃত্যু

Published: October 2, 2026, 12:36 pm

নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের ঈদাগাজি পাটোয়ারী বাড়ির বাসিন্দা নুরুজ্জামানের ছেলে মোহন (৩২) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে পরিবারের সদস্যরা খবর পান যে, চন্দ্রগঞ্জ থানাধীন ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের গুজার দিঘীর পাড় এলাকায় অবস্থিত শ্বশুরবাড়িতে মোহন বিষপান করেছেন। খবর পাওয়ার পরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে চাটখিল সরকারি হাসপাতালে নিয়ে যান। নোয়াখালীর চাটখিলের যুবক লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়নে শ্বশুরবাড়িতে আত্মহত্যার খবর পাওয়া গেছে।

প্রাথমিক চিকিৎসার পর তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। পরে খবর পেয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ ঘটনার তদন্তে এসআই মোসলেহ উদ্দিনকে পাঠান। রাত আনুমানিক তিনটার দিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি ময়নাতদন্তের জন্য পুনরায় নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মোহনের শ্বশুর নবী উল্যাহ (যিনি চেয়ারম্যান হিসেবে পরিচিত) এবং তার স্ত্রী মিতুর সাথে গত কয়েকদিন ধরেই বিরোধ চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ভিকটিমের চার বছর বয়সী একটি ছেলেও রয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, মোহনের স্ত্রী দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতেই থাকছিলেন। মোহন বারবার স্ত্রীকে ফিরিয়ে আনতে চাইলেও শ্বশুরবাড়ির লোকজন তাকে নানাভাবে মানসিক হয়রানি ও গালমন্দ করত। পরিবার ও নিকটাত্মীয়দের ধারণা, এই দীর্ঘস্থায়ী মানসিক নির্যাতনের কারণেই হয়তো এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহননের পথ, তা নিয়ে এলাকায় প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।