
বাংলাদেশের সংগীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তি খুরশীদ আলমের সংগীত ক্যারিয়ারের ৬০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত জাঁকজমকপূর্ণ এই বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে তার দীর্ঘ বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানে সংগীত জগতের একঝাঁক তারকা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে আগুন, মনির খান, রবি চৌধুরী এবং আসিফ আকবর অন্যতম।
অনুষ্ঠানে প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আশরাফ বাবু এবং তার ভাতিজি সংগীতশিল্পী সুজানা রূপা অংশগ্রহণ করেন। আয়োজনের সাংস্কৃতিক পর্বে সুজানা রূপা শিল্পী পলাশের সঙ্গে দ্বৈত কণ্ঠে কালজয়ী গান ‘যদি বউ সাজো গো’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। বর্ষীয়ান শিল্পী খুরশীদ আলম এখন চলচ্চিত্রে নতুন গান না গাইলেও নিয়মিত আধুনিক গান প্রকাশের মাধ্যমে সংগীতের সঙ্গেই যুক্ত রয়েছেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুজানা রূপা বলেন, সংগীত ভুবনে খুরশীদ আলম চাচার মতো গুণী ব্যক্তিত্বের ৬০ বছর পূর্তির এমন ঐতিহ্যবাহী আয়োজনে গান গাওয়ার সুযোগ পাওয়াটা তার জন্য পরম সৌভাগ্যের। এই বিশেষ সুযোগের জন্য তিনি চাচা আশরাফ বাবুর প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংগীতের এই মহীরুহের সান্নিধ্য লাভ করা তার ক্যারিয়ারের অন্যতম প্রাপ্তি হিসেবে দেখছেন এই শিল্পী।
এদিকে নতুন কাজের খবর জানিয়ে সুজানা রূপা বলেন, সম্প্রতি রাজধানীর আফতাবনগরে তার নতুন একক গান ‘রূপকন্যা’-র মিউজিক ভিডিওর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। রুস্তম মল্লিকের কথা ও সুরে তৈরি এই গানটি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।




