
গণতন্ত্রকে একটি সংস্কৃতি হিসেবে বর্ণনা করে রাষ্ট্রপতি বলেছেন, নিয়মিত চর্চার মাধ্যমেই মূলত এটি ধাপে ধাপে বিকশিত হয়। ৪ অক্টোবর, রবিবার বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ কথা বলেন। এসময় রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের সুষ্ঠু বিকাশের স্বার্থে এটি নিজস্ব গতিতে কার্যকরভাবে চলার পরিবেশ বজায় রাখার ওপর জোর দেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেবল দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, বরং রাজনীতি, ইতিহাস ও ঐতিহ্যের কেন্দ্রবিন্দু হিসেবে অভিহিত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করে একে বিশ্বের শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাতারে উন্নীত করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এদিকে, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।





