২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্লাইদুবাই পাইলট হামাম আল-হামানির উগ্র মানসিকতার পরিচয় প্রকাশ

Published: October 6, 2026, 3:15 pm

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাই এয়ারলাইন্সের একটি বিমানে হামলার অভিযোগ ওঠা ওমানি কো-পাইলট হামাম আল-হামানির পরিচয় প্রকাশ করেছে সিএনএন। ২৯ বছর বয়সী এই পাইলটের বিরুদ্ধে গত বুধবার মাঝআকাশে ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড়কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার এবং বিমানটি বিধ্বস্ত করার চেষ্টার অভিযোগ উঠেছে। অবশ্য সেই চেষ্টা ব্যর্থ হয়। ২৯ বছর বয়সী এই পাইলট ওমানের নাগরিক।

তদন্তের অংশ হিসেবে হামামের অতীতের সোশ্যাল মিডিয়া কার্যক্রম পর্যালোচনায় দেখা গেছে, তিনি বেশ গোঁড়া ও রক্ষণশীল মতাদর্শের অনুসারী ছিলেন। ২০২২ সালে এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বিয়ের জন্য পাত্রী খোঁজার অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। সেখানে তিনি দাবি করেন, তার শর্ত ছিল স্ত্রীকে বিয়ের পর চাকরি ছাড়া এবং নিকাব পরা বাধ্যতামূলক করতে হবে। শুরুতে এই শর্তে কোনো পাত্রীই রাজি হচ্ছিলেন না।

তবে হামামের মা যখন পাত্রীদের বলতেন যে তার ছেলে পেশায় একজন পাইলট, তখন পুরো পরিস্থিতি বদলে যেত। ওই পোস্টে পাইলট লিখেছিলেন, তার মায়ের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব নিয়ে গেলে নারীরা প্রথম দিকে আগ্রহী না হলেও, তার পেশার কথা শোনার পর সবাই হঠাৎ রাজি হয়ে যেতেন। বিষয়টি নিয়ে তিনি এক ধরনের তাচ্ছিল্য প্রকাশ করেছিলেন।

নারীদের কর্মক্ষেত্র নিয়েও হামামের দৃষ্টিভঙ্গি ছিল চরমপন্থী। তিনি নারী ও পুরুষের একসঙ্গে কাজ করাকে নেতিবাচক দৃষ্টিতে দেখতেন। ২০২২ সালের এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছিলেন, কতজন সম্মানীয় ও ধার্মিক মেয়ে পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে বা তাদের কৌশলে বিপথে নেওয়া হয়েছে। বর্তমানে তার এই পুরোনো পোস্টগুলো তদন্তকারীদের নজরে এসেছে। ২০২২ সালেই করা পোস্টে তিনি লেখেন, ‘কতজন সম্মানীয়, ধার্মিক মেয়ে ছেলেদের সঙ্গে একসঙ্গে কাজ করে ধ্বংস হয়ে গেছে এবং তাদের কৌশলে অন্যদিকে নিয়ে যাওয়া হয়েছে?’। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামাম অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তার মতে, এটি নারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।