
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়ায় চলমান একটি ফুটবল টুর্নামেন্ট হঠাৎ বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় ক্রীড়ামোদী যুবসমাজ। টুর্নামেন্টটি পুনরায় চালুর দাবিতে শুক্রবার সকাল ১১টার দিকে গুয়াগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এতে এলাকার সর্বস্তরের জনগণ ও অংশগ্রহণকারী খেলোয়াড়েরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর থেকে ‘গুয়াগাছিয়া ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। গুয়াগাছিয়া ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মোট ১৬টি দল অংশ নেয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল এবং সফলভাবে প্রথম রাউন্ডের খেলা শেষ হয়েছিল। কিন্তু কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচ নিয়ে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে হঠাৎ টুর্নামেন্টটি বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া খেলোয়াড় নিলয় বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভিত্তিহীন অজুহাত দেখিয়ে এই টুর্নামেন্ট বন্ধ করা সমর্থনযোগ্য নয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা তাইজুল ইসলাম জানান, টুর্নামেন্টে ২৭৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের দাবি, স্থানীয় সংসদ সদস্যসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে টুর্নামেন্টটি পুনরায় চালুর ব্যবস্থা করবেন।
ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে গজারিয়া থানার ওসি নকীব আকরাম হোসেন বলেন, আমরা সরাসরি খেলা বন্ধ করিনি; বরং গুয়াগাছিয়ার স্থানীয় লোকজনই এটি বন্ধ করেছেন। তবে তিনি উল্লেখ করেন, স্থানীয় অধিকাংশ মানুষই টুর্নামেন্টটি চালু রাখার পক্ষে মত দিয়েছেন।





