
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মৃত শিশুদের মধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মোট তিনজন রয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১৪৭ শিশুর মৃত্যু হলো। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ৪৩ জন শিশু প্রাণ হারিয়েছে। ৯ অক্টোবর (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন করে ১ হাজার ৩৪৯ জন শিশু ভর্তি হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৮১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৬৮ জনের শরীরে উপসর্গের উপস্থিতি মিলেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ লাখ ২ হাজার ৮৯৩ জন হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, যার মধ্যে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২২ হাজার ১৯৭ জন। এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১ লাখ ৮০ হাজার ৭৯ জন শিশুর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।





