
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটার ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুর’ থেকে প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় একদল দুর্বৃত্ত এ হামলা চালায়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি তদন্ত শুরু করেছেন।
ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড শ্রীপুরের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং গার্মেন্টস কর্মীদের বেতনের চাপের কারণে নগদ টাকার প্রয়োজনীয়তা দেখা দেয়। বিকাশের নিয়ম অনুযায়ী, নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটার ‘হযরত আলী মুন্সী’ থেকে ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা সংগ্রহ করে একটি প্রাইভেটকারে করে আনা হচ্ছিল। গাড়িটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল। পথে কর্ণপুর এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেল নিয়ে আসা একদল দুর্বৃত্ত প্রাইভেটকারটির গতিরোধ করে। হামলাকারীরা দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল ব্যবহার করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং এক পর্যায়ে পিস্তল বের করে গুলি চালায়। এতে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হন। এ ছাড়া হামলায় চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
গুলিবিদ্ধ হিমেলকে শুরুতে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। বর্তমানে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং আহতদের কাছ থেকেও বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশি তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





