
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের চালানো ভয়াবহ হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ, যাদের মধ্যে চার বাংলাদেশিকে স্থানীয় একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিহতদের পরিচয় শনাক্তের কাজ করছে। বর্তমানে পরিচয় নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে এবং এরপরই তাদের পরিবারের কাছে তথ্য পৌঁছানো হবে। গতকাল শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন।
প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবের তথ্যের ভিত্তিতে রিয়াদে আমাদের মিশন বিষয়টি নিশ্চিত করেছে। তবে মৃতদের বাড়ি কোন জেলায় বা তাদের বিস্তারিত পরিচয় জানতে সময় লাগছে। এর আগে সৌদি আরবে হুতিদের আরেকটি হামলায় একজন বাংলাদেশি প্রাণ হারিয়েছিলেন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে এ পর্যন্ত মোট ১৪ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। শোক প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, প্রবাসীদের জীবনের নিরাপত্তা সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। জীবন ও জীবিকার সন্ধানে বিদেশে গিয়ে এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পরিবার-পরিজন ছেড়ে বিদেশে কাজ করতে গিয়ে এভাবে তাদের মৃত্যু মেনে নেয়া অত্যন্ত কষ্টকর।
মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। নিহতদের নিয়োগকর্তা বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে সরকারি খরচে মৃতদেহ দেশে ফিরিয়ে আনার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। তিনি নিশ্চিত করেন, বিদেশের মাটিতে কোনো বাংলাদেশি মারা গেলে সরকারের পক্ষ থেকে মৃতদেহ ফেরানোর যাবতীয় ব্যয় বহন করা হয় এবং এবারও তার ব্যতিক্রম হবে না।
বিমান চলাচলের বিষয়ে তিনি জানান, হামলার খবর পাওয়ার পরপরই রিয়াদগামী ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো উড়োজাহাজ বা ফ্লাইট ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো তথ্য নেই। হামলার মুহূর্তে কোনো বাংলাদেশি এয়ারক্রাফট সেখানে ছিল কি না, তা নিয়েও নিশ্চিত তথ্য মেলেনি। বর্তমান পরিস্থিতিতে ওমরাহযাত্রী ও প্রবাসী কর্মীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন। বিমান মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। রিয়াদ ও জেদ্দাস্থ বাংলাদেশ মিশন সৌদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখছে যাতে কোনো নাগরিক বিপদে না পড়েন। তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি নিরাপদে থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে।





