
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট বিজি ৩৩৯ এবং বিজি ৩৪০ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিমান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ফ্লাইট স্থগিতের কারণে যেসব যাত্রী ইতিমধ্যে টিকিট বুকিং করেছেন, তাদের আপাতত বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। ফ্লাইটগুলোর বর্তমান অবস্থা বা পুনঃনির্ধারণ সংক্রান্ত বিস্তারিত তথ্য আজ রোববার, ১১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুঃখ প্রকাশ করেছে। ক্ষতিগ্রস্ত যাত্রীদের দ্রুত সহায়তার জন্য বিমানের কল সেন্টারে যোগাযোগ করতে অথবা নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরবর্তী আপডেট বিমানের অফিসিয়াল ওয়েবসাইট ও যোগাযোগ মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





