২৭ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

Published: October 12, 2026, 9:08 pm

স্পেনের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার সন্ধ্যায় রাজধানীর শেরাটন হোটেল গ্র্যান্ড বলরুমে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় নিযুক্ত স্পেনের দূতাবাস। এই আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্পেনের মহামান্য রাজা ষষ্ঠ ফিলিপের উদ্দেশে একটি শুভেচ্ছাপত্র ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রুর হাতে তুলে দেন। জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তাটি পাঠানো হয়।

চিঠিতে বিরোধীদলীয় নেতা স্পেনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির রাজা, রাজপরিবার, সরকার এবং জনগণের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। একই সাথে তিনি স্পেনের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। উভয় দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর চিঠিতে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।

দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা নিয়ে চিঠিতে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, অভিবাসন ও পর্যটন খাতের উন্নয়নের কথা উল্লেখ করা হয়। এছাড়াও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের বিষয়টিকে বিশেষভাবে তুলে ধরা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসাইন এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।