২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বারহাট্টায় ক্ষুর দিয়ে আহত করে পথিকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

Kongsotime

Published: October 13, 2026, 7:26 pm

নেত্রকোণার বারহাট্টায় প্রকাশ্য দিবালোকে একজন পথিককে ক্ষুর দিয়ে আহত করে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) থানায় মামলা হয়েছে। এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার আসমা ইউনিয়নের গাবারকান্দা-দেওপুর রাস্তার দেওপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মোঃ সাইফি (২২)। তিনি গাবারকান্দা গ্রামের মোঃ শাহজাহানের ছেলে।

মামলার অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, গাবারকান্দা গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে মোঃ ফারুক মিয়া (২৮) সোমবার বিকেলে তার খালাকে দেওয়ার জন্য নিজ বাড়ি থেকে ৫০ হাজার টাকা নিয়ে দেওপুর গ্রামে যাচ্ছিলেন। ফারুক এ গ্রামের উত্তরপাড়া এলাকায় পৌঁছালে সাইফি পেছন থেকে ডাক দেয়। ডাক না শুনে এগিয়ে যেতে থাকলে সাইফিসহ আরো কয়েকজন এসে পিছন থেকে ফারুকের পিঠ ও অন্যান্য স্থানে ক্ষুর দিয়ে টেনে আহত করে। ফারুক আহত হয়ে মাটিতে পড়ে গেলে তার পরনের লুঙ্গির ভাঁজ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।

ফারুকের মামা গাবারকান্দা গ্রামের রতন মিয়া বলেন, ফারুক টাকা নিয়ে বের হওয়ার বিষয়টি কেমন করে যেন সাইফি ও তার লোকেরা টের পেয়ে যায়। এরপরই তারা পেছন থেকে ধাওয়া করে। ফারুক কর্তমানে বারহাট্টা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার ১৫টি সেলাই লেগেছে। এই ঘটনায় ফারুকের ভাই মোঃ মানিক মিয়া বাদি হয়ে থানায় মামলা করেছেন।

এ ব্যাপারে কথা বলার জন্য সাইফিকে পাওয়া যায়নি। তার বাবা ও মাকে ফোন দেওয়া হয়। তাদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে সাইফির এক চাচি ফোনে বলেন, আমাদের বাড়ি থেকে অনেক দূরে ফারুকের সাথে সাইফির মারামারির কথা শুনেছি। ক্ষুর দিয়ে আহত করা বা টাকা ছিনতাইয়ের কথা শুনি নাই।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বলেন, গাবারকান্দা গ্রামের মানিক মিয়ার একটি দরখাস্ত পেয়েছি। ঘটনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।