
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে তিনি রাজ্যসভার সদস্যপদ থেকেও অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় যে, নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুরুগান লিখেছেন, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত ও তামিলনাড়ুর সেবা করাটা তার জীবনের বড় সম্মান। তিনি এখন দলের নেতা-কর্মীদের পাশে থেকে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী। মূলত ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ভিত মজবুত করতেই তিনি নিজের পুরো সময় ও মনোযোগ দিতে চান বলে জানিয়েছেন।
নিজের এই পদত্যাগের পেছনে দলের প্রতি দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সবার আগে দেশ, তারপর দল, এবং সবার শেষে নিজের স্বার্থ—এই দর্শনেই তিনি বিশ্বাসী। দলের প্রয়োজনে নিজের সময় উৎসর্গ করার লক্ষ্যেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের গুঞ্জন চলার মধ্যেই এল মুরুগানের পদত্যাগের ঘোষণা এল। এর আগে জ্বালানিমন্ত্রী হারদীপ সিং পুরীসহ বেশ কয়েকজন রাজ্যসভার সদস্য ও মন্ত্রীকে পুনরায় মনোনয়ন না দেওয়ার ফলে মন্ত্রিসভার পরিবর্তনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছে। তবে মুরুগানের পদত্যাগের সঙ্গে এই রদবদলের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।





